আজকের সময়ে একটি সাধারণ প্রশ্ন হলো রিবা (সুদ) সম্পর্কে: “আধুনিক যুগের সুদ কি এখনও রিবার অন্তর্ভুক্ত? কারণ অনেকেই মনে করেন রিবা কোনো জুলুম নয় বরং এটি এক ধরনের আর্থিক সুবিধা।”
এই দুই পর্বের সিরিজে আমরা এই জটিল প্রশ্নটির ওপর কিছুটা আলো ফেলব বিভিন্ন আলোচনার ভিত্তিতে। রিবার ভিত্তিতে পরিচালিত অর্থনীতিকে বুঝতে পারলে আমরা এমন বিকল্প আর্থিক ব্যবস্থার মূল্য অনুধাবন করতে পারি, যা আরও ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামো গঠনে সহায়ক।
১. রিবা (সুদ) কী?
আধুনিক আর্থিক ব্যবস্থায় “সুদ” বলতে সাধারণত বোঝানো হয়—টাকা ধার নেওয়ার সুবিধার বিনিময়ে প্রদেয় আর্থিক চার্জ। এই সুদ সাধারণত নির্দিষ্ট এমাউন্টে নির্ধারিত হয়, আর এটি গণনার জন্য ব্যবহৃত সুদের হারকে বার্ষিক শতকরা হারে (Annual Percentage Rate – APR) প্রকাশ করা হয়। লক্ষণীয় যে, এই সুদ-ভিত্তিক লেনদেনকে অনেক সময় ‘অধিকার’ বা ‘সুবিধা’ হিসেবে দেখা হয়—যা ইসলামের দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পূর্ণ বিরোধপূর্ণ।
ইসলামি শিক্ষায় সম্পদকে আল্লাহ তাআলার মালিকানা হিসেবে গণ্য করা হয়, আর মানুষ তা কেবল আমানত হিসেবে ধারণ করে। ফলে, ইসলামি শরিয়ত লেনদেনের ক্ষেত্রে ন্যায়সঙ্গত ও জুলুমপূর্ণ ব্যবস্থার মধ্যে স্পষ্ট সীমারেখা নির্ধারণ করেছে।
“রিবা” একটি আরবি শব্দ, যার আভিধানিক অর্থ হলো “অতিরিক্ত” বা “বৃদ্ধি”। ইংরেজিতে এটিকে কেউ কেউ “usury” (সুদখোরি) আবার কেউ “interest” (সুদ) হিসেবে অনুবাদ করেছেন। ইসলামি দৃষ্টিকোণ থেকে রিবা হলো এমন একটি ব্যবস্থা যা অবৈধভাবে লাভবান হওয়া এবং অন্যদের জন্য ক্ষতির কারণ হয়—ব্যক্তি, সমাজ ও পুরো অর্থনীতির জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনে। তাই ইসলামি অর্থনীতিতে রিবা কঠোরভাবে নিষিদ্ধ।
২১ শতকের বাস্তবতা আমাদের রিবা-ভিত্তিক অর্থনীতির জুলুমপূর্ণ প্রকৃতি এবং তার ক্ষতিকর পরিণতির সাক্ষাৎ অভিজ্ঞতা দিয়েছে। আমরা পরে আলোচনায় এর নেতিবাচক প্রভাব আরও গভীরভাবে বিশ্লেষণ করব।
আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই “সুদ” শব্দটির মুখোমুখি হই—চাই তা ঋণ, মর্টগেজ বা সঞ্চয় হিসাবের মাধ্যমে হোক। কিন্তু সুদ আসলে কী? চলুন এই আর্থিক ধারণাটিকে সহজভাবে ব্যাখ্যা করি।
২. সুদের প্রকারভেদ কী কী?
সুদের দুটি প্রধান প্রকার আছে:
১) সাধারণ সুদ (Simple Interest)
২) যৌগিক সুদ (Compound Interest)
● সাধারণ সুদ:
এটি সুদের সবচেয়ে প্রাথমিক রূপ। এটি মূল টাকার ওপর নির্দিষ্ট শতকরা হারে হিসাব করা হয়। সাধারণ সুদে আগের বছরের সুদকে নতুন বছরের ভিত্তি হিসেবে ধরা হয় না।
উদাহরণ: কেউ যদি ৳১,০০০ ধার নেয় বার্ষিক ১০% সাধারণ সুদে দুই বছরের জন্য, তবে প্রতি বছর ৳১০০ করে সুদ দিতে হবে (৳১,০০০ x ১০%)। দুই বছরে মোট সুদ হবে ৳২০০।
● যৌগিক সুদ:
এই সুদ আরও জটিল, কারণ এটি শুধু মূল অর্থের ওপর নয়, পূর্ববর্তী সময়ের সুদের ওপরও সুদ গণনা করে। এতে মূলধন ও আগের সুদের সমষ্টির ওপর সুদ আরোপ হয়, ফলে ঋণের পরিমাণ দ্রুত বাড়ে।
উদাহরণ: কেউ যদি ৳১,০০০ ধার নেয় বার্ষিক ১০% যৌগিক সুদে দুই বছরের জন্য, তবে প্রথম বছর ৳১০০ সুদ হবে (৳১,০০০ x ১০%)। দ্বিতীয় বছরে সুদ হবে ৳১১০ (৳১,১০০ x ১০%), মোট ৳২১০ সুদ দিতে হবে দুই বছরে।
কেন সুদ গুরুত্বপূর্ণ?
সুদ আমাদের আর্থিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ব্যক্তি যখন ঋণ বা মর্টগেজ নেন, তখন সেই ঋণের সুদের হার নির্ধারণ করে তিনি মোট কত টাকা পরিশোধ করবেন। একইভাবে, আমরা যখন সঞ্চয় হিসাব, বন্ড বা অন্য কোনো বিনিয়োগের মাধ্যমে অর্থ জমা রাখি, তখনও সুদের হার আমাদের জানান দেয় কতটুকু লাভ আমরা সময়ের সাথে অর্জন করতে পারি।
সুদের হার এবং তা আমাদের চারপাশের পৃথিবীতে কীভাবে প্রভাব ফেলে—চাই তা সরাসরি হোক বা পরোক্ষভাবে—তা বোঝা অত্যন্ত জরুরি। সুদের ধারণা বুঝতে পারলে আমরা আমাদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারি, এবং সুদের ফাঁদ থেকে বাঁচতে পারি।
ইসলামিক ফাইন্যান্স সম্পর্কে একটি মন্তব্য:
যদিও সুদ প্রচলিত অর্থব্যবস্থার একটি সাধারণ বৈশিষ্ট্য, ইসলামি অর্থনীতিতে এটি হারাম (নিষিদ্ধ)। ইসলামি অর্থনীতি এমন সুদ-ভিত্তিক লেনদেন নিষিদ্ধ করে, কারণ এগুলো সম্পদের বৈষম্য ও আর্থিক শোষণের পথ তৈরি করে।
তার পরিবর্তে, ইসলামিক ফাইন্যান্স এমন বিকল্প আর্থিক ব্যবস্থা প্রদান করে, যেগুলো ন্যায়বিচার, ঝুঁকি ভাগাভাগি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে। এর উদাহরণ: লাভ-ক্ষতির অংশীদারিত্ব, মুশারাকা-মুদারাবা (পার্টনারশিপ), এবং ইজারা (ভাড়া ভিত্তিক চুক্তি)।
টাকা লোন নেওয়ার ধারণা প্রকৃতির নিয়মবিরুদ্ধ
ধরা যাক, একজন ব্যক্তি তার অতিরিক্ত সম্পদ একটি বাস্তব সম্পদ হিসেবে ধরে রেখেছে, যেমন একটি ঘোড়া। এই ঘোড়াটির রক্ষণাবেক্ষণ খরচ হবে এবং বয়স বৃদ্ধির কারণে এর মূল্যও কমবে। সম্পদের ধরন অনুযায়ী, এর মালিককে সেটি ধারণ করার জন্য কোনো না কোনো খরচ বহন করতেই হবে।
যদি সেই ব্যক্তি তার বাস্তব সম্পদ (ঘোড়া) কাউকে ধার দেন, তাহলে সাধারণত দুই ধরনের ফেরতের শর্ত হতে পারে:
ক) ঋণগ্রহীতা একটি চার্জ পরিশোধ করবে, যা ঘোড়ার মূল্যহ্রাস বা ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণস্বরূপ।
খ) ঋণগ্রহীতা একই বয়স ও অবস্থা সম্পন্ন একটি ঘোড়া ফেরত দেবে, যেটি ঋণদাতা দিয়েছিল।
কিন্তু যখন আমরা টাকা ঋণ নেয়ার জন্য লোন (সুদ) দাবি করি, তখন আমরা আসলে উপরের উভয় শর্ত একসাথে চাই। একদিকে আমরা চাই টাকা যেন আগের মতো ফেরত আসে (ঘোড়ার অবিকৃত অবস্থা), আরেকদিকে চাই অতিরিক্ত চার্জ (ঘোড়া ব্যবহারের মূল্য)। অর্থাৎ, একজন ব্যক্তি মূল্যহ্রাসবিহীন একটি সম্পদ (টাকা) রেখে নতুন সম্পদ কামানোর আশা করছে—এটি বাস্তবে এক ধরনের স্বপ্ন মাত্র।
কিন্তু বাস্তব জগতে, একক কোনো মূল্যহ্রাসবিহীন সম্পদ থেকে অন্তহীন সম্পদ সৃষ্টি সম্ভব নয়। এটি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। তাই ইসলামে টাকার লোন (সুদ) সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
যদিও “রিবা” (Riba) সাধারণত “সুদ” (interest) হিসেবে অনুবাদ করা হয়, কিছু ক্ষেত্রে প্রচলিত অর্থে যেটাকে আমরা সুদ বলি, সেটা ইসলামি সংজ্ঞায় রিবার মধ্যে পড়ে না। আবার কিছু লেনদেনে রিবার উপাদান থাকলেও, তাতে প্রচলিত অর্থে কোনো সুদ না-ও থাকতে পারে। তাই আসুন আমরা রিবার বিভিন্ন প্রকারভেদ গভীরভাবে বুঝে নেই।
৩. রিবার প্রকারভেদ কী কী?
ইসলামি শরিয়াতে রিবার মূলত দুইটি রূপ উল্লেখ করা হয়েছে:
ক. ঋণভিত্তিক লেনদেন (রিবা আদ-দুইউন – ربا الديون)
এখানে রিবা তখন ঘটে যখন ঋণের উপর অতিরিক্ত অর্থ (সুদ) ধার্য করা হয়। এটি ঋণের শুরুতেই নির্ধারিত হতে পারে—যেমন হোম-মর্টগেজে দেখা যায়, কিংবা ঋণের মেয়াদ শেষ হওয়ার পরে অতিরিক্ত সময় চাওয়ার কারণে বাড়তি অর্থ ধার্য হতে পারে—যেমন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ঘটে।
ঋণভিত্তিক রিবা দুই প্রকার:
- সময় বাড়ানোর বদলে সুদ ধার্য (زيدني أمهلني / Zidnī unẓirni)
এই ধরনের রিবা এমন ঋণে ঘটে যেটি প্রথমে সুদবিহীন ছিল বা কোনো বেচা-কেনা চুক্তির মাধ্যমে বাকি ছিল। পরে সময় বাড়ানোর পরিবর্তে অতিরিক্ত অর্থ ধার্য করা হয়। এই রিবার উদাহরণ: ক্রেডিট কার্ড, Buy Now Pay Later স্কিম, ব্যাংক ওভারড্রাফট।
- প্রাক-নির্ধারিত সুদ (Riba al-Qurūd – ربا القروض)
এই রিবা ঋণের শুরুতেই নির্ধারিত থাকে। অর্থাৎ, ঋণ নেওয়ার সময়ই সুদের হার নির্দিষ্ট করা হয়। এই রিবার উদাহরণ: ব্যক্তিগত ঋণ (Personal loans), হোম-মর্টগেজ, গাড়ি কেনার ফাইন্যান্সিং চুক্তি ইত্যাদি।
খ. ক্রয়-বিক্রয়ভিত্তিক লেনদেন (Riba al-Buyū‘ – ربا البيوع)
ক্রয়-বিক্রয়ভিত্তিক রিবার প্রধান দুটি উপাদান:
- রিবা আল-ফাদল (Riba al-Faḍl – ربا الفضل)
অর্থাৎ মাত্রাতিরিক্ত বিনিময়। একই শ্রেণির পণ্য বিনিময়ে যদি পরিমাণ, মান, বা ওজনে পার্থক্য থাকে, তবে তা রিবা আল-ফাদলের আওতাভুক্ত হয়। উদাহরণ: এক কেজি খেজুরের বিনিময়ে দেড় কেজি খেজুর দেওয়া।
- রিবা আন-নাসিয়াহ (Riba al-Nasī’ah – ربا النسيئة)
অর্থাৎ বিলম্বিত ডেলিভারির রিবা। এখানে লেনদেন দুই পক্ষের মধ্যে অসময়ে হয়, যদিও পরিমাণ বা মান সমান থাকে। উদাহরণ: আজ এক কেজি সোনা দিয়ে এক সপ্তাহ পর এক কেজি সোনা গ্রহণ করা।
নবিজি ﷺ আমাদের রিবা-সম্পর্কিত লেনদেন দুই শ্রেণিতে ভাগ করে দিয়েছেন:
- স্বর্ণ, রূপা ও অনুরূপ সম্পদ (আজকের দিনে ফিয়াট কারেন্সি যেমন ডলার, পাউন্ড, টাকা ইত্যাদি)
- খেজুর, গম, যব, লবণ এবং আজকের ভাষায় সংরক্ষণযোগ্য প্রধান খাদ্যদ্রব্য (যেমন: চাল)
এগুলো ইসলামি পরিভাষায় রিবাওয়ী সামগ্রী (Ribawi items) নামে পরিচিত। এই সামগ্রীগুলোর লেনদেনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, তা না হলে তা রিবার অন্তর্ভুক্ত হয়ে যাবে।
উদাহরণ ১: একজন ব্যক্তি এখন এক আউন্স সোনা দেয় এবং এক মাস পর দুই আউন্স সোনা গ্রহণ করে। এটি রিবা। রিবা সংঘটিত হয় যদি:
ক. অতিরিক্ত পরিমাণে একই শ্রেণির পণ্য দেওয়া হয়। যেমন: দুইটি খেজুর দিয়ে একটি খেজুর নেওয়া।
তবে এটি প্রযোজ্য নয় যদি লেনদেন ভিন্ন শ্রেণির পণ্যের মধ্যে হয়। যেমন: স্বর্ণের বিনিময়ে রূপা বা স্বর্ণের বিনিময়ে খেজুর। এ শর্ত না মানলে তা হবে রিবা আল-ফাদল— যা হারাম।
খ. লেনদেন বিলম্বে হয় (এক পক্ষ দেরিতে পণ্য গ্রহণ করে)। যেমন: আজ ১ কেজি সোনা দিয়ে এক সপ্তাহ পর ৫০০ গ্রাম রূপা নেওয়া। এই শর্ত না মানলে তা হবে রিবা আন-নাসিয়াহ— যা হারাম। তবে, যদি সম্পদ এক শ্রেণির না হয়, যেমন: ১০০ গ্রাম রূপার বিনিময়ে ৪ কেজি খেজুর বা ১ গ্রাম সোনার বিনিময়ে ১০ কেজি চাল, তাহলে তা বিলম্বসহও বৈধ।
ইসলামি দৃষ্টিভঙ্গিতে আমরা রিবাকে যেভাবে বিশ্লেষণ করলাম, এখন চলুন দেখি প্রচলিত অর্থব্যবস্থায় ‘interest’ কীভাবে কাজ করে।
৪. সুদের ইতিহাস
সুদ বা রিবার ইতিহাস দীর্ঘ ও জটিল, বিশেষত বিভিন্ন ধর্মবিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে এর সম্পর্কের দিক থেকে। খ্রিষ্টধর্মে ঋণের ওপর সুদ নেওয়াকে প্রাথমিকভাবে নৈতিকভাবে ভুল এবং নিষিদ্ধ হিসেবে দেখা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত আধুনিক আর্থিক ব্যবস্থাসহ খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও এটি গ্রহণযোগ্য হয়ে ওঠে। নিচে এই পরিবর্তনের একটি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হলো:
ক. প্রাচীন খ্রিষ্টধর্ম:
খ্রিষ্টধর্মের প্রাথমিক যুগে ঋণের ওপর সুদ নেওয়া ছিল নিষিদ্ধ ও পাপ। এই নিষেধাজ্ঞার ভিত্তি ছিল বাইবেলের একাধিক আয়াতে, যেমন:
- এক্সোডাস (Exodus) 22:25,
- লেভিটিকাস (Leviticus) 25:36-37,
- ডিউটারোনমি (Deuteronomy) 23:19-20
যেখানে দরিদ্র ও প্রয়োজনমন্দ ভাইদের কাছ থেকে সুদ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খ. মধ্যযুগ:
মধ্যযুগে ক্যাথলিক চার্চ তখনও সুদের বিপক্ষে কঠোর অবস্থানে ছিল। বিখ্যাত খ্রিষ্টান তত্ত্ববিদ সেন্ট থমাস অ্যাকুইনাস (St. Thomas Aquinas) সুদ নেওয়াকে নৈতিকভাবে ভুল বলে অভিহিত করেন। তিনি বলেন, সুদ হল একই জিনিসের জন্য দ্বিগুণ চার্জ করা। তাদের মতে, অর্থ ছিল কেবল লেনদেনের মাধ্যম, সেটিকে সম্পদ বৃদ্ধির উপায় হিসেবে ব্যবহার করা অনৈতিক।
গ. বাণিজ্যের প্রসার ও আর্থিক প্রয়োজনে পরিবর্তন:
ইউরোপজুড়ে বাণিজ্য ও ব্যবসার প্রসার ঘটে এবং এর ফলে ঋণের চাহিদাও বেড়ে যায়। চার্চের নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে কিছু বিকল্প আর্থিক পদ্ধতি গড়ে ওঠে, যেমন:
- অংশীদারি ভিত্তিক চুক্তি
- লাভ-ক্ষতির ভাগাভাগি পদ্ধতি
এই সময়, ইতালির Medici ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠান গড়ে ওঠে যারা প্রকারান্তরে সুদভিত্তিক কার্যক্রম পরিচালনা করত।
ঘ. ধর্মীয় সংস্কার আন্দোলন ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন:
১৬শ শতকে প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন (Protestant Reformation) এর মাধ্যমে ধর্মীয় চিত্রে বড় ধরনের পরিবর্তন আসে। এর প্রভাব পড়ে সুদের প্রতি দৃষ্টিভঙ্গিতেও। মার্টিন লুথার (Martin Luther) ও জন ক্যালভিন (John Calvin) এর মতো সংস্কারকরা অর্থনীতির বাস্তবতাকে স্বীকার করেন। তারা সুদের চর্চাকে পুরোপুরি অনুমোদন না দিলেও মাঝারি মাত্রার সুদকে কিছু নির্দিষ্ট শর্তে গ্রহণযোগ্য বলে মনে করেন।
ঙ. ধাপে ধাপে গ্রহণযোগ্যতা লাভ:
সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক প্রয়োজন ও নতুন ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রভাবে সুদ ক্রমশ বৃহৎ পরিসরে গ্রহণযোগ্যতা পায়। সরকারগুলো সুদের হার নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং নির্ধারিত সীমা বেঁধে দেয়। এইসব পরিবর্তনের ফলে ঋণ প্রদান ও গ্রহণের ওপর সুদ নেওয়ার প্রথা খ্রিষ্টান সমাজে বৈধতা পায়।
চ. আধুনিক আর্থিক ব্যবস্থা:
আজকের দিনে সুদ আধুনিক আর্থিক ব্যবস্থার কেন্দ্রীয় উপাদান, যা, ঋণ,মর্টগেজ,বিনিয়োগ,সঞ্চয় হিসাবসহ প্রতিটি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও কিছু ধর্মীয় গোষ্ঠী এখনও সুদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে, সাধারণভাবে চার্চ ও খ্রিষ্টান সমাজের মধ্যে এটি গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
সংক্ষেপে বলতে গেলে, খ্রিষ্টধর্মে সুদের ইতিহাস এক সময়ের কঠোর নিষেধাজ্ঞা থেকে শুরু হয়ে আধুনিক অর্থনীতিতে এর গ্রহণযোগ্যতা পর্যন্ত বিস্তৃত। প্রাথমিক ধর্মীয় নীতির ভিত্তিতে নিষিদ্ধ হওয়া সুদ, সময়ের বাস্তবতায় ধর্মীয় ও অর্থনৈতিক ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
এই ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের আধুনিক আর্থিক ব্যবস্থার উৎস ও বিকাশ এবং ধর্মীয় নীতিবোধের অবক্ষয় কীভাবে অর্থনীতিকে প্রভাবিত করেছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি দেয়। এখানে শেষ হলো রিবার উপর আমাদের দুই পর্বের সিরিজের প্রথম অংশ। পরবর্তী পর্বে আমরা রিবার ইসলামি বিধান, এর পেছনের হিকমাহ বা প্রজ্ঞা এবং এর মাধ্যমে সমাজে সৃষ্ট অর্থনৈতিক সংকটের বিষয়ে বিস্তারিত আলোচনা করবো—যাতে আপনি উপলব্ধি করতে পারেন আমাদের সমাজ কত গভীরভাবে রিবার জালে আবদ্ধ।








No Comment! Be the first one.